‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ এবং উপজেলার শ্রেষ্ঠ দুটি সমবায় সংগঠনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
গত রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মী মো. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. আব্রাহাম লিংকন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় কার্যক্রম ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ দুটি সমবায় সংগঠনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















