সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতার সঙ্গে উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফুল দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সাবেক ছাত্রদল সভাপতি শেখ মনিরুজ্জামান মনি ও রেদওয়ান ফেরদৌস রনি, সাবেক ছাত্রদল সদস্য সচিব শেখ শাহিন কবীর এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন। এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে নবাগত ইউএনও মো. এরফানুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সুমনা পারভীন মিতা উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং তা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 


















