সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে বালুবোঝাই একটি স্টিলবডি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা ওই দুজন পানির নিচে তলিয়ে যান।
বুধবার আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ শ্রমিকেরা হলেন—জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) এবং একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন ‘তমা নৌ-পরিবহন’-এর বালুবাহী নৌকাটি প্রায় ৭৫০ ফুট বালুভর্তি অবস্থায় সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং বাকি চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি সুরমা নদীর গভীরে তলিয়ে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। অন্য চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
এ ঘটনায় মোস্তাকিম ও সুমন নামের দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের এখনো সন্ধান পাওয়া যায়নি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি 


















