শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারস্থ রাজগঞ্জ ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের আসবাবপত্রের পাশাপাশি জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভূমি অফিসের পাশের বাসিন্দা আমির হোসেনের বাড়ির লোকজন প্রথম অফিসটিতে আগুন জ্বলতে দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে অফিসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডে ভূমি অফিসে সংরক্ষিত জমিজমা সংক্রান্ত কাগজপত্র পুড়ে যাওয়ার ঘটনায় স্থানীয় জমির মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড ও নথিপত্র নষ্ট হয়ে থাকলে জমিজমা সংক্রান্ত বিভিন্ন কাজে জটিলতা তৈরি হতে পারে।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কক্ষটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে, সেখানে তেমন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষিত ছিল না।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার কে এম জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত অফিসের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন দুর্ঘটনাজনিত, নাকি পরিকল্পিত নাশকতা—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শেরপুর জেলা প্রতিনিধি 


















