জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের পূর্ব উনার পুকুরের পানিতে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই পুকুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পানির নিচে লুকানো অবস্থায় কষ্টিপাথরের মূর্তি দুটি উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত মূর্তি দুটির একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। জব্দকৃত মূর্তিগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা। বিজিবির ধারণা, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল।পরে উদ্ধারকৃত মূর্তিগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















