নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরে নারী মিনি ম্যারাথন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় ৫০০ নারী অংশগ্রহণ করেন।
সকাল ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
ম্যারাথনটি অষ্টমীতলা, শেরীব্রীজ মোড়, জেলা পরিষদ, সোনার বাংলা বাসস্ট্যান্ড ও শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে ডিসি উদ্যানে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের অনেকে ম্যারাথনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫০০ নারী অংশ নেন। শীতের সকালে তাঁদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া চতুর্থ স্থান অধিকারী প্রতিযোগীকে মিজ্ রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল দেওয়া হবে বলে অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক।
নারী মিনি ম্যারাথনের সফল ও সুষ্ঠু পরিসমাপ্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।

শেরপুর প্রতিনিধি 


















