যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে ১৮০ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক আসামির নাম মেহেদী হাসান (২৫)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে।খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে নয়টার দিকে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ তাকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্টাফ রিপোর্টার 


















