ঢাকা বিভাগে জননিরাপত্তা, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি, প্রশাসনিক কার্যক্রম ও রাজস্ব ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা-এর সভাপতিত্বে এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা, গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত সভাগুলোর মধ্যে ছিল—চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা, বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা, বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর যথাযথ মনিটরিংয়ের লক্ষ্যে ঢাকা বিভাগীয় মনিটরিং কমিটির সভা, সরকারি ও বেসরকারি দপ্তরে রুফটপ সোলার স্থাপনসংক্রান্ত সভা, জেলা প্রশাসকগণের মাসিক সমন্বয় সভা এবং জেলা প্রশাসকগণের মাসিক রাজস্ব সভা।
বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপিসহ জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।
সরকারি ও বেসরকারি দপ্তরে রুফটপ সোলার স্থাপনসংক্রান্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিদ্যুৎ বিভাগের সচিব মিজ্ মিরানা মাহরুখ। তিনি এ বিষয়ে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
সভাগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন, চোরাচালান প্রতিরোধ এবং প্রশাসনিক ও রাজস্ব কার্যক্রমে গতিশীলতা আনয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসক এবং এনএসআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কাস্টমসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সমন্বিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও কার্যকর প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে ঢাকা বিভাগের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

স্টাফ রিপোর্টার 


















