মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কৃষকের ঘরে ঘরে চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের প্রস্তুতি। ভালো ফলনের সম্ভাবনায় মৌসুমের শুরুতে স্বস্তি থাকলেও শেষ মুহূর্তে তাতে ভাটা পড়েছে।কৃষি উপকরণের বাড়তি দাম এবং ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে ধানের দাম নিয়েও শঙ্কায় রয়েছেন ঈশ্বরগঞ্জের লাখো কৃষক। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এ আবাদ থেকে ২ লাখ ১০ হাজার ৫৩০ টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।
ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এখন পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই। তবে মাঠের সোনালি শস্যের আড়ালে কৃষকদের মনে জমেছে নানা উদ্বেগ। তারা বাজার থেকে বেশি দামে কীটনাশক কিনে প্রয়োগ করছে কাঙ্খিত ফল লাভের আশায়।মামদীপুরের আলমগীর, পুনাইলের মোফাজ্জল হোসেন, রামনগরের আউয়াল, পলাশকান্দার এরশাদসহ একাধিক কৃষক জানান, পোকামাকড়ের আক্রমণের পাশাপাশি সার, বীজ ও কীটনাশকের বাড়তি দাম তাদের উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া, পটাশ ও টিএসপি সার কিনতে হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঈশ্বরগঞ্জের উপ সহকারী কৃষি কর্মকর্তা লাইলী মন্ডল বলেন, কীটনাশকের অতিরিক্ত দামসহ বিভিন্ন বিষয়ে কৃষকরা লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ধান সঠিকভাবে শুকিয়ে বাজারজাত করতে পারলে কৃষকরা ভালো দাম পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।কৃষকদের অভিযোগে জানা যায়, গত বোরো মৌসুমে তারুন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগের একজন ব্যবসায়ীর কাছ থেকে চ্যাটাযুক্ত ধান কম দামে ক্রয় করে গুদামজাত করা হয়। সকল কৃষকেরা ঈশ্বরগঞ্জের এমপি মহোদয়ের নিকট দাবি রাখছে যাতে তাদের ধানগুলো সরাসরি সরকার ক্রয় এবং গুদামজাত করে।

মো:আনোয়ারুল কাদির ঈশ্বরগঞ্জ উপজেলার 


















