কক্সবাজার সদর উপজেলার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মুবিনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মুবিন কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন আলীর জাহাল এলাকায় সিটি কলেজের সামনে মো. ইকরামকে (৪০) হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ২ সেপ্টেম্বর ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে। ওই মামলার এজাহারে মো. মুবিনকে ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একটি আভিযানিক দল জানতে পারে, মামলার পলাতক আসামি মুবিন লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত মুবিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্টাফ রিপোর্টার 


















