খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা ও পেশাগত বিভিন্ন বিষয় পর্যালোচনার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, কড়া শৃঙ্খলা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা মাঠপর্যায়ের নানা পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া ডিআইজির কাছে তুলে ধরেন। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো বিদ্যমান বিধি মোতাবেক দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “পুলিশ সদস্যদের চরম নিষ্ঠা, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।” তিনি মাঠপর্যায়ের সমস্যা ও প্রতিবন্ধকতা নিরসন করে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পুলিশি সেবা সহজীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কল্যাণ সভা শেষে ডিআইজি খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের কেন্দ্রীয় অস্ত্রাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সরঞ্জামের যথাযথ সংরক্ষণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফরা উপস্থিত

স্টাফ রিপোর্টার 


















