ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্ত সংকট মোকাবিলা ও চিকিৎসাধীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনা মহানগরীর সাতটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একযোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখা।
আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে অনেক রোগীর জরুরি ভিত্তিতে রক্ত ও রক্তের উপাদানের (যেমন: প্লেটলেট) প্রয়োজন হচ্ছে। এতে তীব্র রক্ত সংকট দেখা দেওয়ায় রোগী ও স্বজনরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই মানবিক সংকট মোকাবিলায় তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী এই কার্যক্রমে মহানগরীর সাতটি কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও তরুণদের মধ্য থেকে সম্ভাব্য রক্তদাতাদের নাম ও রক্তের গ্রুপের তালিকা সংগ্রহ করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হয়। কর্মসূচিতে ছাত্রদলের খুলনা মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী, কলেজের সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশ নেন।
খুলনা মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ডেঙ্গুর এই সংকটে রক্তের অভাবে যাতে কোনো রোগীর প্রাণহানি বা দুর্ভোগ না হয়, সে লক্ষ্যেই একযোগে সাতটি কলেজে এ কার্যক্রম চালু করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

স্টাফ রিপোর্টার 


















