চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার রেলস্টেশন বস্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়।
গত সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মো. মাসুম আলী (৩০) এবং একই এলাকার মো. মেজর আলীর ছেলে মো. মেহেদী হাসান (২৮)।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এমন খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে একটি কাঠের হাতলযুক্ত রামদা জব্দ করা হয়।এসআরবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















