চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সুরক্ষায় মশারি বিতরণ করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুরক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে মশারি তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এ সময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। মশার কামড়ের মাধ্যমেই ডেঙ্গু ছড়ায়।
তাই শুধু রাতে নয়, দিনের বেলায়ও ডেঙ্গু রোগীদের মশারির ভেতরে থাকতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, চিকিৎসক ডা. মো. ইসমাইল হোসেন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠান শেষে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং তাদের সুরক্ষার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, “ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার পাশাপাশি তাদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সার্বক্ষণিক মশারির মধ্যে রাখা প্রয়োজন, যাতে তারা নতুন করে মশার কামড়ের শিকার না হন এবং ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায়। জেলা পরিষদের এ ধরনের উদ্যোগ রোগীদের সুরক্ষায় অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্টরা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগকে ডেঙ্গু আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সুরক্ষায় একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

স্টাফ রিপোর্টার 


















