দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের ১৩০ কেজি ওজনের বিভিন্ন প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে জয়পুরহাট ২০ বিজিবি ও থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত রোববার (১৬ নভেম্বর) ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের একটি দল ঘোড়াঘাট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমানার ছত্রা বাজারের পাশের একটি টিনের ঘরে তল্লাশি চালিয়ে এই প্রাচীন পাথরগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক পাথরের মধ্যে রয়েছে—
৯০ কেজি ওজনের বেলে পাথরের শিলাখণ্ড,
২০ কেজি ওজনের কষ্টিপাথরের খণ্ডাংশ এবং
২০ কেজি ওজনের শিবলিঙ্গের খণ্ডাংশ। সব মিলিয়ে উদ্ধার করা পাথরগুলোর মোট ওজন ১৩০ কেজি।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মো. মোমিন ইসলাম (৪৪)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অন্যদিকে, উদ্ধার হওয়া পাথরগুলোর সঠিক প্রত্নতাত্ত্বিক পরিচয় ও ঐতিহাসিক গুরুত্ব যাচাইয়ের জন্য নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

স্টাফ রিপোর্টার 


















