সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি সংবিধান সংশোধন-সংক্রান্ত এই বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত এই কমিটিতে বর্তমানে ১২ জন সদস্য রয়েছেন। তবে সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, পরবর্তীতে বিরোধী দলের সদস্যদের অন্তর্ভুক্ত করে এই কমিটিকে ১৭ সদস্যে পুনর্গঠন করার সুযোগ রাখা হয়েছে।
বিশেষ কমিটিতে সরকারি দল বিএনপির পাশাপাশি অন্যান্য দল ও জোটের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য।
বিএনপি দলীয় সদস্যরা হলেন:
সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির প্রধান – কক্সবাজার-১), মো. নূরুল ইসলাম মণি (চিফ হুইপ – বরগুনা-২), মো. আসাদুজ্জামান (আইনমন্ত্রী – ঝিনাইদহ-১), জয়নুল আবেদীন (বরিশাল-৩), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (প্রতিমন্ত্রী – চট্টগ্রাম-৫), ফারজানা শারমিন (প্রতিমন্ত্রী – নাটোর-১), মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮)
অন্যান্য দল ও জোটের সদস্যরা হলেন:জোনায়েদ আব্দুর রহিম সাকি (প্রতিমন্ত্রী, গণসংহতি আন্দোলন – ব্রাহ্মণবাড়িয়া-৬), আন্দালীব রহমান (চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি – ভোলা-১), নুরুল হক (প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদ – পটুয়াখালী-৩), মো. অলি উল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ – বরগুনা-১)
বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
বিরোধী দলের পক্ষ থেকে ওঠা ‘দুই শপথ’ প্রসঙ্গের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “বর্তমান সংসদ বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়েছে এবং সংসদের অধিবেশনও সেই সংবিধান অনুসারেই আহ্বান করা হয়েছে। যদি কেউ বলে তারা দুইবার শপথ নিয়েছেন, আমরা তেমন কোনো দ্বিতীয় শপথ নিইনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো সাংবিধানিক বা আইনগত ভিত্তি নেই।”
তিনি আরও উল্লেখ করেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সরকার তাকে সর্বোচ্চ সম্মান করতে চায়। তবে সেই রায় কার্যকর করতে হলে সবার আগে সংবিধান সংশোধন প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান সংস্কার পরিষদ-সংক্রান্ত কোনো বিষয় যদি ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন দেখা দেয়, তবে তা এই বিশেষ কমিটিতে বিশদ আলোচনা করা যেতে পারে।”

স্টাফ রিপোর্টার 



















