জামালপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সার্ভিস ডেস্কে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) জামালপুর জেলা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ (UNFPA) বাংলাদেশের সার্বিক সহযোগিতায় ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুরে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, ইউএনএফপিএর মাঠ কর্মকর্তা মোঃ আতাহার আলী এবং জামালপুর জেলার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিচালিত সার্ভিস ডেস্কে কর্মরত পুলিশ সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন সার্ভিস ডেস্কে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মানবিক, সহানুভূতিশীল ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সার্ভিস ডেস্কে সেবাপ্রত্যাশীদের যথাযথ সেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সংবেদনশীল ও আন্তরিক হতে হবে। বিশেষ করে নারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তাঁরা সেবাপ্রত্যাশীদের প্রতি মমতাময়ী, দয়াশীল ও সহানুভূতিশীল মনোভাব নিয়ে তাঁদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ সেবা প্রদান করেন। তাঁদের আচরণে মাতৃত্বের মমতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।
পুলিশ সুপার আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সংবেদনশীলতা ও সেবাদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সেবাপ্রত্যাশীদের সমস্যা যথাযথভাবে অনুধাবন করে তাঁদের কার্যকর সহায়তা প্রদান আরও সহজ ও নিশ্চিত হবে।

স্টাফ রিপোর্টার 


















