কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড় ৪টার দিকে র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড়ি (জাকিরের ডেইল পাহাড়) এলাকায় অভিযান চালায়। এ সময় পাহাড়ের পাদদেশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এসএমজি উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির সুনির্দিষ্ট মালিক বা এর সঙ্গে জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। এ সময় একটি বসতঘর থেকে সামসুন নাহারকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে শয়নকক্ষের মাচার ওপর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করেন র্যাব সদস্যরা।
আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের (শেড নম্বর-০৬৮৭, রুম নম্বর-০৬) বাসিন্দা শামসুর আলমের মেয়ে।
র্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 



















