জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ, মাদক ও নিষিদ্ধ জাল নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলার কলমাকান্দা, মোহনগঞ্জ, দুর্গাপুর ও নেত্রকোণা সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
কলমাকান্দা উপজেলা:
কলমাকান্দা উপজেলার উজিয়াখালী বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৩,০০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু সরকারি উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য উপজেলা প্রকৌশলীর নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া একই অভিযানে উজিয়াখালী বিল থেকে নিষিদ্ধ ১০টি ‘চায়না দুয়ারি’ জাল অপসারণ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
মোহনগঞ্জ উপজেলা:
মোহনগঞ্জ পৌরসভাস্থ হাসপাতাল এলাকায় ভুয়া দন্ত চিকিৎসার অভিযোগে ‘মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’ অনুযায়ী একজনকে ১ মাসের কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি একটি অবৈধ ডেন্টাল ক্লিনিককে ৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী অপর একজনকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এম. এ. কাদের।
নেত্রকোণা সদর উপজেলা:
সদর উপজেলার বড়বাজার এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘আবিদ ট্রেডার্স’কে ৪০,০০০ টাকা এবং ‘আয়েশা ট্রেডার্স’কে ২০,০০০ টাকা—সর্বমোট ৬০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
পরবর্তীতে সদর উপজেলার মাছবাজার এলাকায় রাস্তার উভয় পাশে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ অস্থায়ী দোকান অপসারণ করা হয়। পৌরসভার সহযোগিতায় দোকানের ছাউনি, বাঁশ, অবৈধ বৈদ্যুতিক সংযোগের তার ও ময়লা-আবর্জনা সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। এ দুটি অভিযান পরিচালনা করেন নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশতিয়াক মজনুন ইশতি। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অপরাধে দুই গাড়ি চালককে অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাহাবুদ্দিন।
দুর্গাপুর উপজেলা:
দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। পরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুযায়ী আটককৃতদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী ও যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হারাধন সূত্রধর; পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















