জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোণার আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে নেত্রকোণার সাতপাই এলাকায় যুব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অবক্ষয় রোধে যুবকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম চালিকাশক্তি। তাই তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও দেশ গঠনে তাদের অবদান রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 



















