নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা তাঁদের নানা সমস্যা, অভাব-অভিযোগ ও প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে তাঁদের কথা শোনেন। সম্ভবপর ক্ষেত্রে তিনি তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান দেন। পাশাপাশি যেসব বিষয়ে তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
জনসাধারণের কথা সরাসরি শোনা, তাঁদের সমস্যা ও অভিযোগের দ্রুত প্রতিকার এবং সরকারি সেবা সহজলভ্য করার ক্ষেত্রে নিয়মিত গণশুনানি একটি গুরুত্বপূর্ণ ও জনবান্ধব উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ প্রশাসনের কাছে সরাসরি তাঁদের কথা বলার সুযোগ পান এবং বিভিন্ন সরকারি সেবা ও সহযোগিতা পাওয়ার পথ আরও সহজ হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনসেবাই প্রশাসনের অঙ্গীকার। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নেত্রকোণা জেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 


















