পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ বাড়াতে চালু হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাপ্তাহিক এই হাটের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় নারী উদ্যোক্তারা।
প্রথম দিনেই অর্ধশত নারী উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। স্টলগুলোতে স্থান পায় হস্তশিল্প, খাদ্যসামগ্রী, দেশীয় পোশাক, প্রসাধনী, চিত্রকর্ম ও বিভিন্ন শৌখিন সামগ্রী। উদ্বোধনী দিনেই হাটে ক্রেতা ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আয়োজকেরা জানান, প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই হাট চালু থাকবে। অনলাইনে পণ্য বিক্রির পাশাপাশি সরাসরি হাটে স্টল দিয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের পণ্যের পরিচিতি এবং ব্র্যান্ডিংয়ের সুবর্ন সুযোগ পাবেন।
হাটের আয়োজক ও নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, “বাবুই পাখি যেমন নিখুঁতভাবে বাসা তৈরি করে, তেমনি নারী উদ্যোক্তারাও অত্যন্ত যত্নসহকারে তাঁদের পণ্য তৈরি করেন। এই ভাবনা থেকেই হাটের নাম রাখা হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। জেলার সব নারী উদ্যোক্তাকে একটি অভিন্ন ব্র্যান্ডের আওতায় এনে বড় একটি নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।” সবার আন্তরিক সহযোগিতা পেলে এই উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং সংসারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সমাজের অর্ধেক অংশ হিসেবে নারীরা তাঁদের সক্ষমতা ও মেধার স্বাক্ষর এভাবেই রেখে চলেছেন।”
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি এবং তাঁদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে এই সাপ্তাহিক হাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সুধীসমাজ ও আয়োজকেরা আশা প্রকাশ করছেন।

স্টাফ রিপোর্টার 


















