নেত্রকোণার পূর্বধলায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততাও জরুরি।
গত সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন:
* উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান।
* পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
* উপজেলা মৎস্য কর্মকর্তা
* পূর্বধলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. শাহিনুর আলম মৃধা
* গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন
* বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূর্বধলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুরী
* ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. শাহিনুর আলম মৃধা জানান, উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর সহযোগিতায় চলতি মাসে চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় সাড়ে সাতশ বকেয়া গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করায় কয়েকজন গ্রাহকের মিটারও খুলে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, উপজেলার তিনটি সাবস্টেশনে ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও গত ২১ জুন থেকে মাত্র ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সভায় পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— লাইসেন্সবিহীন আইএসপি ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তায় পৃথক অভিযোগ বক্স স্থাপন, সমাজসেবা কার্যালয়ের ভাতাভোগীদের ভাতা প্রাপ্তির জটিলতা দূর করা এবং অসাধু সাংবাদিকদের নামে চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন চলতি মাসের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন মামলার অগ্রগতি ও পুলিশের কার্যক্রম তুলে ধরেন এবং সভায় উত্থাপিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন,
”সরকার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর; পূর্বধলা (নেত্রকোণা)বিশেষ প্রতিনিধি 



















