নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক একযোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৩১ আগস্ট) সকাল ১০:০০ টায় পূর্বধলা উপজেলার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমুল নাহার লিজা-র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উদ্বোধনী আয়োজনে উপজেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাতঃস্মরণীয় প্রেরণার উৎস। তাঁর সাম্য ও চেতনার বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রতিযোগিতার প্রথম দিনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সাহিত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

মোঃ নজরুল ইসলাম 








