নেত্রকোনার পূর্বধলা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুরে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে বিজয়ী ৯টি পদের কর্মকর্তাদের এ শপথবাক্য পাঠ করানো হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের পর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাব-রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। শপথগ্রহণ শেষে বিজয়ীদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
শপথ ও সংবর্ধনা নেওয়া কর্মকর্তারা হলেন— সভাপতি মো. আব্দুস ছোবান, সাধারণ সম্পাদক শামীম আহমদ মিজান, সহসভাপতি আব্দুল ছাত্তার, সহসম্পাদক মো. আব্দুল গণি সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সেলিম, কোষাধ্যক্ষ মো. রহমত উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মালেক, মো. হুমায়ুন কবির ও মো. আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, মো. সেলিম উদ্দিন ও আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা)বিশেষ প্রতিনিধি 





















