দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নে অবস্থিত খাজাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, দিনাজপুরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম নজমুল হুদা বলেন, ‘মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাসের পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষিত মিডওয়াইফের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে নিরাপদ প্রসব বৃদ্ধির লক্ষ্যে আজ থেকে এই কেন্দ্রের কার্যক্রম সার্বক্ষণিক চালু করা হলো। মানুষ যেন সহজে সেবা পায়, সে লক্ষ্যে কেন্দ্রটিকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘স্বাভাবিক প্রসবের জন্য আসা কোনো প্রসূতি মা যেন কোনো ধরনের কষ্ট না পান, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অপ্রয়োজনীয় সিজারের দিকে না গিয়ে যেখানে স্বাভাবিক প্রসবের সুযোগ রয়েছে, সেখানে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আগামীতে শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন) ডা. মো. রেজাউল হক, দিনাজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্না এবং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ নবিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের ফার্মাসিস্ট মোঃ শফিকুর রহমান, এলুয়াড়ী ইউনিয়নের এফপিআই মোঃ মোরশেদুল আলম, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মোঃ মোসলেম উদ্দিন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও এলাকার সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআরএইচআর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রোজিনা বেগম।

স্টাফ রিপোর্টার 


















