১০ নভেম্বর ২০২৬: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন অনুপ্রেরণামূলক পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “অধিক সময় মোবাইল ফোনে ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি মরণ ফাঁদ মাদকের কুফল থেকে দূরে থেকে স্কুল ছুটির পর বিকেলে নিয়মিত খেলাধুলা করতে হবে।” বিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
জেলা প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনের সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের হুট করে উপস্থিতি এবং তাদের দিকনির্দেশনামূলক পরামর্শে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে বেশ উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।

স্টাফ রিপোর্টার 


















