রংপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান ১০ নভেম্বর ২০২৬ তারিখে জেলার একটি উপজেলা পরিদর্শন করেন। এ সময় তিনি নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শোনেন।
পরিদর্শনকালে শিক্ষার গুণগত মানোন্নয়ন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি মহিপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী এবং গাছের চারা বিতরণ করেন।জেলা প্রশাসকের এ পরিদর্শন ও মতবিনিময়কে স্থানীয় জনগণের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসন মনে করে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের এ আগমন চর বাগডহরা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সম্মানিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

রংপুর প্রতিনিধি 



















