কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পরিচালিত এক বিশেষ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই প্যান্টের থান কাপড় জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) জনাব মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) জনাব আতিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাসা এবং মোমিনগঞ্জ এলাকার রিয়াজুল ইসলামের (৩৫) বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আনা ২৬৮ পিস ভারতীয় প্যান্টের থান কাপড় জব্দ করা হয়। উদ্ধার করা প্রতিটি থান কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার, যার সর্বমোট দৈর্ঘ্য ৩,২১৬ মিটার।
সীমান্ত চোরাচালানের এ ঘটনায় নাগেশ্বরী থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী নামীয় ও অজ্ঞাতনামা চোরাকারবারিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চোরাচালান ও নাশকতাবিরোধী বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি থানা এলাকায় এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 



















