‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি (কেএইচআরডিএস)।
গত ১/১০/২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভিটারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলবায়ুর পরিবর্তনে আলোচনা সভা, গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতান্দর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রুহুল আমিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম ভুইয়া মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান খন্দকার ফজিলাতুন্নেছা, নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানা, সদস্য আবুল কালাম রমজান, বোকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামছুদ্দিন, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান মুক্তা, ভিটারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফ।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মিল্টন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বানিজুর রহমান সুমন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, দেলোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাবিবুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিলন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের নিঃসৃত কার্বন-ডাই-অক্সাইড গাছ গ্রহণ করে আর অক্সিজেন দেয়। পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে। নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য প্রত্যেককে গাছ লাগানোর তাগাদাও দেন তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মো:মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 



















