ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলার অংশগ্রহণে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১০:৩০ টায় আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন খাতওয়ারি মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডিআইজি মহোদয় ক্রাইম এগেইনস্ট প্রপার্টি, মানবপাচার, মানিলন্ডারিং এবং সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ জোর দিয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
সার্কেল অফিসারদের উদ্দেশে তিনি বলেন, থানায় আগত সেপ্রাপ্রার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। “দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী”—এটি নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেশের স্বার্থে সকলকে কাজ করার নির্দেশ দেন। থানায় মামলা বা জিডি করতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা কষ্টের শিকার না হন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করেন তিনি।
পাশাপাশি, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ করে প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন ও উৎসবমুখর করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি।
পুরস্কৃত ব্যক্তিবর্গ
অভিন্ন মানদণ্ডের আলোকে আগস্ট/২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়:
শ্রেষ্ঠ জেলা: পুলিশ সুপার, ময়মনসিংহ (জনাব মোহাম্মদ কামরুল হাসান)
শ্রেষ্ঠ সার্কেল: দুর্গাপুর সার্কেল, নেত্রকোণা (অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাব্বির হাসান)
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ), ধোবাউড়া থানা, ময়মনসিংহ
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত): জনাব মো. শাহীনুর ইসলাম তালুকদার, দুর্গাপুর থানা, নেত্রকোণা
শ্রেষ্ঠ এসআই: জনাব মো. মহিবুর রহমান, এসআই (নিঃ), দুর্গাপুর থানা, নেত্রকোণা
শ্রেষ্ঠ এএসআই: জনাব মো. শাহ আলম, এএসআই (নিঃ), ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ
এছাড়াও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং আসামি গ্রেফতার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন:
* জনাব মো. আসাদুজ্জামান, এসআই (নিঃ), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
* জনাব আলী আকবর, এসআই (নিঃ), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ
* জনাব মো. মোস্তাফিজুর রহমান, এসআই (নিঃ), জামালপুর সদর থানা, জামালপুর
অন্যান্য উপস্থিতিবৃন্দ
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মো. পারভেজ আলম। এছাড়া রেঞ্জাধীন জেলাসমূহের ক্রাইম শাখা ও সার্কেল অফিসারসহ কার্যালয়ের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ অনলাইনে ও সশরীরে সভায় যুক্ত ছিলেন।

স্টাফ রিপোর্টার 


















