ঐতিহ্যবাহী যশোর জেলা আইনজীবী সমিতি এবার প্রবেশ করল ডিজিটাল পর্বে। সমিতির প্রশাসনিক, আর্থিক ও দাপ্তরিক কার্যক্রম আরও আধুনিক, গতিশীল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চালু হয়েছে সমন্বিত ওয়েবসাইট, অনলাইন অটোমেশন সফটওয়্যার ও মোবাইল অ্যাপ। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত ম্যানুয়াল কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।
সম্প্রতি সমিতির ১ নম্বর ভবনে ডিজিটাল ওকালতনামা বিক্রির মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। অনুষ্ঠানে প্রথম ডিজিটাল ওকালতনামা ক্রয় করেন আইনজীবী কাজী ফরিদুল ইসলাম।
এ সময় সমিতির সহসভাপতি ও অনলাইন কার্যক্রম কমিটির আহ্বায়ক বাসুদেব বিশ্বাসসহ জ্যেষ্ঠ আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই নতুন ডিজিটাল ব্যবস্থাপনার ফলে আইনজীবী সমিতির বিভিন্ন সেবা আরও সহজে ও দ্রুত পাওয়া যাবে। ওকালতনামাসহ প্রয়োজনীয় ফরম প্রস্তুত, প্রিন্ট, বিক্রয় ও হিসাব সংরক্ষণ থেকে শুরু করে সদস্য চাঁদা, ফি, ভাড়া এবং অন্যান্য আর্থিক লেনদেন পরিচালনার সুবিধা যুক্ত হয়েছে এই সফটওয়্যারে।
সংশ্লিষ্টরা জানান, এর ফলে সমিতির সদস্যরা বিভিন্ন দাপ্তরিক কাজ অনলাইনে সম্পন্ন করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রচলিত পদ্ধতির জটিলতা ও ভোগান্তি কমবে। পাশাপাশি আর্থিক লেনদেনের তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আরও সহজ হবে।
নতুন সফটওয়্যারের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ওকালতনামাসহ সমিতির প্রয়োজনীয় বিভিন্ন ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করার সুবিধা। ফরম বিক্রয়, বিক্রয়সংক্রান্ত হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য একই ব্যবস্থাপনার আওতায় সংরক্ষণ করা যাবে। এতে ফরম সংগ্রহ ও ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতি আরও সহজ ও সুশৃঙ্খল হবে। এছাড়া প্রতিটি লেনদেনের তথ্য সংরক্ষিত থাকায় প্রয়োজন অনুযায়ী হিসাব যাচাই, আর্থিক প্রতিবেদন তৈরি এবং লেনদেনের ইতিহাস পর্যালোচনা করা সম্ভব হবে। সমিতির আর্থিক কার্যক্রম পর্যায়ক্রমে ক্যাশলেস বা নগদ অর্থের নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে।
শুধু প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ; যশোর জেলা আইনজীবী সমিতির দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং আইনাঙ্গনের বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। ১৭৮৪ সালে যাত্রার শুরু করা ঐতিহ্যবাহী এই আইনজীবী সমিতির ২৪২ বছরের ইতিহাস ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সমিতির প্রাচীন গ্রন্থাগারে থাকা আইনবিষয়ক দুর্লভ গ্রন্থগুলোও ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।
এই তথ্যভান্ডারে যশোরের আইনাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচিতি, অবদান এবং গুরুত্বপূর্ণ তথ্য ধারাবাহিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন—মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, প্রধান বিচারপতি লতিফুর রহমান, শহীদ মশিয়ুর রহমান, সুশীল কুমার রায়, সৈয়দ আমীর আলী, আব্দুর রশিদ খান, হাবিবুর রহমান, এমপি রওশন আলী, আজিজুর রব খান, শেখ হাসান ইমাম, কাজী তৌহিদুর রহমান, আব্দুল হক, নুর ইসলাম, কাজী আব্দুস শহীদ লাল এবং এ কে মনজুরুল হক।
সমিতি সংশ্লিষ্টরা মনে করছেন, এই ডিজিটাল তথ্যভান্ডার ভবিষ্যৎ প্রজন্মের কাছে যশোরের আইনাঙ্গনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আইন পেশার ইতিহাস নিয়ে গবেষণা এবং প্রাচীন দলিল ও তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে এটি দারুণ সহায়ক হবে। উল্লেখ্য, যশোরের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘উৎসব টেকনোলজি লিমিটেড’-এর কারিগরি সহযোগিতায় এই সফটওয়্যারের উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “এই ডিজিটাল উদ্যোগের মূল লক্ষ্য সমিতির প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে গড়ে তোলা।”
তিনি আরও জানান, সদস্যদের বিভিন্ন ধরনের চাঁদা, ফি, ভাড়া, ফরম ক্রয় এবং অন্যান্য আর্থিক লেনদেন এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন ও সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে। প্রতিটি লেনদেনের তথ্য সফটওয়্যারে সংরক্ষিত থাকায় পরবর্তী সময়ে হিসাব যাচাই এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা সহজ হবে। এই ব্যবস্থায় আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহিতা বাড়বে এবং নগদ অর্থের ওপর নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে।
সমিতির দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঐতিহাসিক তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান তথ্যভান্ডার হিসেবে কাজ করবে। নতুন প্রজন্ম যশোরের আইনাঙ্গনের ইতিহাস, ঐতিহ্য এবং বরেণ্য ব্যক্তিদের অবদান সম্পর্কে জানার সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন, যশোর জেলা আইনজীবী সমিতির এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে তা দেশের অন্যান্য আইনজীবী সমিতির জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্টাফ রিপোর্টার 


















