রাজধানীর আদাবরে ৩০ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুন্না ব্যাপারীকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. রিপন ওরফে বাচ্চা রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-২।
গত বুধবার (১৮ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর থানাধীন রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-২ সূত্র জানায়, গত ২৭ অক্টোবর আদাবর-১৩ এলাকায় নিজ বাসার সামনে মুন্না ব্যাপারীর ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, এজাহারভুক্ত ১ নম্বর আসামি বাচ্চা রিপন ১০ থেকে ১২ জন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. ইউসুফ আলী (৬২) বাদী হয়ে গত ১ নভেম্বর আদাবর থানায় (মামলা নম্বর-০২) একটি মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক তথ্যে উঠে এসেছে গ্রেপ্তার হওয়া রিপন আদাবর থানা যুবলীগের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া পূর্ববর্তী অপরাধের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
এ হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-২। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও অস্থিরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্টাফ রিপোর্টার 


















