সিলেটের প্রবাসীরা চাইলে তাদের ফাঁকা বাড়ি ও সম্পত্তির নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
গত বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদেশে বসবাস করেন। তাদের অনেক বাড়িঘর বছরের পর বছর ফাঁকা থাকে। এসব বাড়ি ও সম্পত্তি দখল, চুরি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ প্রায়ই সামনে আসে। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়েই জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজের অগ্রগতি নিয়ে ডিসি বলেন, প্রকল্পের আওতায় অধিকাংশ জমি অধিগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া এবং সাদীপুর ইউনিয়নের গজিয়া এলাকায় অধিগ্রহণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আবেদন সাপেক্ষে আইন অনুযায়ী দ্রুততম সময়ে ক্ষতিপূরণ প্রদান করা হবে।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সামছুন নাহার জানান, জেলা প্রশাসকের নির্দেশনা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিজিটাল রিপোর্ট 





















