লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকা। এতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৪৭ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনবান্ধব বাজেট প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় পৌর এলাকার সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমাতে রিকশাচালকদের তালিকাভুক্তকরণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মনোয়ার হোসেন মনোয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ ইব্রাহিম মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।
সভায় অংশগ্রহণকারীরা জনঅংশগ্রহণের ভিত্তিতে একটি বাস্তবমুখী, উন্নয়নবান্ধব ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তারা।

স্টাফ রিপোর্টার 


















