প্রজনন মৌসুম উপলক্ষে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সব ধরনের প্রবেশাধিকার ও পাস-পারমিট বন্ধ থাকলেও থেমে নেই বিষদস্যুদের তৎপরতা। পশ্চিম সুন্দরবনের জোড়শিং পল্টন সংলগ্ন হারেজখালী নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১৫০ কেজি বিষাক্ত চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।
গত শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে স্মার্ট খুলনা-১ টিমের টিম লিডার মো. শাহিনুর রহমান এবং কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে বজবজা ক্যাম্পের সদস্যদের নিয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা রাতের অন্ধকারে লোকালয়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সুন্দরবন বন্ধ থাকার সুযোগ নিয়ে অসাধু চক্র গোপনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে। এলাকাটি লোকালয়ের কাছাকাছি হওয়ায় অভিযানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।
স্মার্ট খুলনা-১ টিমের টিম লিডার মো. শাহিনুর রহমান বলেন, “জব্দ করা বিষাক্ত চিংড়ি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আদালতের নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে মাছগুলো ধ্বংস করা হবে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্টাফ রিপোর্টার 





















