ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ২২ মে থেকে ঢাকাসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ৮১৩টি মামলার বিপরীতে ১৬ লাখ ৬১ হাজার ২৩০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৬টি যানবাহন ডাম্পিং করেছে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে ঈদুল আজহা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বিআরটিএ। সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম, ৬১টি মোবাইল কোর্ট ও ভিজেলেন্স টিমের মাধ্যমে সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে। অবশ্য ঈদকে কেন্দ্র করে ২২ মে থেকে মাঠে নামে বিআরটিএ।
বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদ শেষে বিপুল সংখ্যক মানুষ কর্মস্থলে ফিরছে। সোমবার প্রথম অফিস শুরু হওয়ায় রোববার থেকে সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
সড়কে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে বিআরটিএর বিভিন্ন সার্কেল অফিস থেকে বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া বাস ছাড়ার আগে চালকদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিং করে নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাসে যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সে ব্যাপারেও সতর্ক করা হচ্ছে।

ডিজিটাল রির্পোট 



















