নেত্রকোণার পূর্বধলায় ধারণক্ষমতার অতিরিক্ত বালু ও পাথর বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পর জব্দ করা সাতটি ট্রাক ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সংগৃহীত বালু ও পাথরের বৈধ কাগজপত্র যাচাই শেষে শনিবার (২৭ জুন) বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।
এর আগে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে বালু ও পাথরবোঝাই ওই সাতটি ট্রাক আটক করেছিল পূর্বধলা থানা-পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৮৬ ধারায় অতিরিক্ত বোঝাইয়ের (ওভারলোডিং) দায়ে সাত ট্রাকচালককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন— ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দিলীপ চন্দ্র গোপ (৫১), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শামসুল হক (৪৫), রেজওয়ান মাহমুদ সামী ওরফে লাদেন (২১), সাইদুল ইসলাম (২৮), ওবায়দুল হক (২৪), ইয়াসিন (২২) ও আকিক (১৯)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত বোঝাইয়ের পাশাপাশি ট্রাকে পরিবহণ করা বালু ও পাথর বৈধভাবে উত্তোলন করা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ট্রাকগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটকে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলে তা যাচাই-বাছাই করে বালু ও পাথরের বৈধতা নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট সরকারি নথি অনুযায়ী, প্রকাশ্য নিলামের মাধ্যমে একটি প্রতিষ্ঠান বালুর সঙ্গে উপজাত (বাই প্রোডাক্ট) হিসেবে উত্তোলিত নুড়ি পাথর ও সাধারণ পাথর বিক্রির অনুমতি পায়। নিলামের শর্তানুযায়ী সরকারি কোষাগারে নির্ধারিত অর্থ জমা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পাথর অপসারণের অনুমতি দেওয়া হয়েছিল। ওই নথির ভিত্তিতেই আটকে থাকা ট্রাকগুলোর বালু ও পাথরের বৈধতা নিশ্চিত হওয়া গেছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত বোঝাই করে বালু পরিবহণের দায়ে ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবহণ করা বালু ও পাথরের বৈধতা নিয়ে সন্দেহ থাকায় সেগুলো যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বৈধ কাগজপত্র পাওয়ার পর শনিবার বিকেলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযানে পাঁচটি বড় ট্রাককে ২০ হাজার টাকা করে এবং দুটি মিনি ট্রাককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সড়কে অতিরিক্ত বোঝাই যান চলাচল রোধ এবং অবৈধ বালু পরিবহণ বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

মাটি ও মানুষ ডেস্ক 


















