নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের (মেঘশিমূল পূর্বপাড়া) কাপাসিয়া থেকে পূর্বধলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন চরম ঝুঁকির মুখে। সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির একপাশ থেকে মাটি ইট সুরকী সরে গিয়ে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তার কাঠামো নাজুক হয়ে পড়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। সেই সাথে অটোরিকশা, মোটরসাইকেল, বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির মেরামত দ্রুত করা না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ জানান, সড়কটি মেরামতের জন্য ইতিমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। তবে নদীতে পানির উচ্চতা বেশি থাকায় আপাতত পেলা গাইডিংয়ের কাজ শুরু করা যাচ্ছে না। পানি কমলে দ্রুত কাজ শুরু হবে। তিনি আরও জানান, সাময়িকভাবে রাস্তা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে জিও ব্যাগের জন্য আবেদন করা হয়েছে।

মোঃ নজরুল ইসলাম 

















