দারুণ উত্তেজনার ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে বাংলা হান্ড্রেড লিগের প্রথম আসরের শিরোপা জিতলো কুমিল্লা সুপারস্টার। শ্বাসরুদ্ধকর ফাইনালে ১ বল বাকি থাকতে ৫ উইকেটের দারুণ জয়ে শিরোপা উল্লাসে মাতে কুমিল্লা।
সিডনির পিটার মিলার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামে চিটাগং। একশ বলের এই টুর্নামেন্টের শুরুটা মন মতো হয়নি। দ্রুত আউট হন ওপেনার মিরাজুল অপু। তবে, বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে দলের রানের চাকা সচল রাখেন অধিনায়ক কৌরব আক্তার। মূলত কৌরবের 8 বাউন্ডারি আর তিন ওভার বাউন্ডারিতে ৪২ বলে ৭৬ রানের ইনিংস এর উপর ভর করে ১৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চিটাগং। হান্ড্রেড বলে টুর্ণামেন্টে এই স্কোর স্বপ্ন দেখায় চিটাগংকে। কিন্তু, তাদের সে স্বপ্ন ভঙ্গ করে দেন কুমিল্লার দুই ওপেনার লাবিব ও ইফতি। ৬০ রানের ডিউটি করে লাবিব ব্যক্তিগত ২৮ রানে আউট হলেও, দাপটে ব্যাট করতে থাকেন ইফতি মূলত তার ৩০ বলে ৬৬ রানে কুমিল্লার জয় সহজ করে দিয়েছিলো। কিন্তু, শেষ ১১ বলে দ্রুত ৩ উইকেট হারালে শেষ ৫ বলে ৫ রানের নাটকীয়তা তৈরি হয়। কিন্তু ১ বল বাকি থাকতে বাংলা হান্ড্রেড লিগের শিরোপা উদযাপনে মাতে কুমিল্লার ক্রিকেটাররা। ফাইনালে মাত্র ৩০ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরস্কার জিতে নেন মেহেদী হাসান ইফতি।পুরো টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার জিতেছেন কুমিল্লা সুপার স্টারসের অধিনায়ক তানজিলুর রহমান। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি জিতেছেন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও। সেরা ব্যাটার হয়েছেন কৌরব আক্তার। আগামী বছরের মার্চে বাংলা হান্ড্রেড লিগের দ্বিতীয় আসর শুরু করার পরিকল্পনা আয়োজকদের।

মাটি ও মানুষ ডেস্ক 



















