নেত্রকোনার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—নায়েকপুর ইউনিয়নের বরাটি গ্রামের হেলেনা আক্তার (৭৫) এবং তাঁর ছেলে বুলবুল মিয়া।
স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১৫ জুলাই) উপজেলার বরাটি গ্রামে একটি জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন ভুক্তভোগী পরিবারটি। এ সময় প্রতিবেশী আব্দুল জলিল, তাঁর স্ত্রী জান্নাতুল আক্তার এবং তাঁদের সহযোগীরা কাজে বাধা দেন এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালান। হামলায় হেলেনা আক্তার ও তাঁর ছেলে বুলবুল মিয়া গুরুতর জখম হন।
সংঘর্ষের পর পরিবারের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলেনা আক্তারের শারীরিক অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ভুক্তভোগীদের জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় লিনু আক্তার বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ উদ্দিন করিম জানান, “ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

হারাধন সূত্রধর: (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 





















