নেত্রকোণার পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে শিশুসহ আটজন আহত হয়েছেন।শনিবার :১ আগস্ট: দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নং জারিয়া ইউনিয়নের পূর্বধলা-জারিয়া সড়কের বোর্ডের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস :ঢাকা মেট্রো-চ-৫১-৮৫৯৪: বোর্ডের বাজার এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা আটজন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের পরিচয়:
আহতরা হলেন— রোজা (৬ মাস), নাজমা (৩৫), মারিয়া (৩০) আফনান (১৩), বাবুল হোসেন (৩২), রমজান (৩২), হালিমা (৫০) ও মম (২৫)।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে রোজা, নাজমা, মারিয়া, আফনান ও বাবুল হোসেনকে ছেড়ে দেন। তবে আঘাত গুরুতর হওয়ায় রমজান, হালিমা ও মমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেএকোণা) বিশেষ প্রতিনিধি 














