নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।গত শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া দুপুরে তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। কেনাকাটার একপর্যায়ে শিশুটিকে রাস্তার দক্ষিণ পাশে রেখে তার বাবা উত্তর পাশের একটি দোকানে যান। এ সময় শিশুটি বাবাকে অনুসরণ করে হঠাৎ রাস্তা পার হতে দৌড় দিলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















