নেত্রকোণায় সার ও বীজের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনার লক্ষ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
উক্ত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিএডিসি-র যুগ্মপরিচালক, বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বর্তমান সার ও বীজের মজুত, সরবরাহ পরিস্থিতি এবং মাঠপর্যায়ে কৃষকদের কাছে সময়মতো তা পৌঁছানো নিশ্চিতকরণসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এছাড়া, কোনো সার ডিলারের মৃত্যুজনিত কারণে মালিকানা পরিবর্তনের জন্য জমা পড়া আবেদনসমূহ নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হয়। সার ডিলারদের কার্যক্রম আরও সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 





















