নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। আজ মঙ্গলবার (১১ আগস্ট) তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক টিটিসিতে পরিচালিত বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ক্যাড (CAD) অপারেশন, কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স এবং টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন।
পরবর্তীতে তিনি বিদেশ গমনেচ্ছুক কর্মীদের জন্য আয়োজিত ৩ দিনব্যাপী ‘প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন’ কোর্সে অংশগ্রহণকারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ, প্রবাসী অধিকার ও করণীয় সম্পর্কে তিনি প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। একই সাথে প্রবাসে যেকোনো সমস্যায় পড়লে দ্রুত সংশ্লিষ্ট দেশের জন্য দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ দূতাবাস বা মিশনের সাহায্য নেওয়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মানোন্নয়ন, প্রশিক্ষণার্থীদের জন্য আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কাঠামোর উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হারাধন সূত্রধর পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 
























