খুলনার রুপসায় ইটভাটা কর্মকর্তা ফখরুল ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার গভীর রাতে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে রুপসার ‘মেসার্স রুপসা ব্রিকস’-এর কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রুপসা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনা ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালান। অভিযানে যশোরের সীতারামপুর এলাকা থেকে শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ফখরুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডের মূল রহস্য, নেপথ্যের কারণ এবং জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















