শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সোমবার তিনি জেলা কারাগার পরিদর্শনে যান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ সঞ্চিতা বিশ্বাস।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্যমান ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন। একই সঙ্গে তিনি কারাগারের অভ্যন্তরীণ পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক কারাগারে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের প্রধান ফটকের বাইরে অপেক্ষমাণ বন্দিদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় স্বজনরা কারাগারের বর্তমান সার্বিক ব্যবস্থাপনা ও সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
জেলা প্রশাসকের এই পরিদর্শনের ফলে কারাগারের নিরাপত্তা, শৃঙ্খলা, বন্দিদের সেবা ও মানবিক পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার 


















