ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬ইং) বিকেলে ময়মনসিংহ নগরীর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ত্রিশাল উপজেলা ও ঈশ্বরগঞ্জ উপজেলা ফুটবল দল। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ত্রিশাল উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা দল। এ জয়ের মধ্য দিয়ে এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলে নেয় ঈশ্বরগঞ্জ।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই ময়মনসিংহ জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারি ও আশপাশের এলাকা ছিল মুখরিত। প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো স্টেডিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল ম্যাচ হওয়ায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি আত্মবিশ্বাস ও শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা। নির্ধারিত সময়ে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা দল ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ের পর ঈশ্বরগঞ্জের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। একই সঙ্গে রানার্সআপ ত্রিশাল উপজেলা দলকেও পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, জেলার তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের ক্রীড়া আয়োজন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়, কোচ, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর এবারের আসরের। শিরোপা জয়কে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে দেখা দেয় আনন্দের আবহ। অন্যদিকে ফাইনালে হারলেও ত্রিশাল উপজেলা দলের খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সও উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি 



















