চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অভিযানে ৫০ বোতল নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৮১ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামে অভিযান চালানো হয়। সেখানে জনৈক মুক্তার বিশ্বাসের বাড়ির সামনের পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে ৫০ বোতল ইস্কাফ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোনসহ টুটুল (২৬) ও ছবি বেগম (৪২) নামের দুজনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের বাড়ি গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকায়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার 





















