মাত্র ২০ বছর বয়সে গুমের শিকার হয়েছিলেন ইলিয়াস আহমেদ। জীবনের সম্ভাবনাময় সময়ের ৮৮ দিন ছিলেন গোপন বন্দিশালায়। এরপর মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও শেষ হয়নি দুর্ভোগ। প্রায় নয় বছর ধরে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। অবশেষে চলতি বছরের ২৬ এপ্রিল বিচারিক আদালত সব অভিযোগ থেকে তাঁকে খালাস দিয়েছেন। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিও তাঁর গুম হওয়ার অভিযোগের সত্যতা যাচাই করে তালিকাভুক্ত করেছে। কিন্তু এত কিছুর পরও রাষ্ট্রের পক্ষ থেকে মেলেনি কোনো আর্থিক ক্ষতিপূরণ, সহায়তা কিংবা পুনর্বাসনের উদ্যোগ।
ভুক্তভোগী ইলিয়াস আহমেদ ১৯৯৬ সালের ৪ এপ্রিল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আমির আলী। নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলা বাজার এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তাঁর কোনো খোঁজ পায়নি পরিবার।৮৮ দিন গোপন বন্দিশালায়, ৮০৮ দিন কারাগারে
পরিবারের সদস্যরা দীর্ঘদিন তাঁর সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটান। অবশেষে ২০১৭ সালের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (মামলা নম্বর-৪০(০৫)২০১৭, জিআর নম্বর-২২৩/২০১৭) তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে (মামলা নম্বর-২৪৩/২০১৮) তাঁর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগের পর ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি।
গুম হওয়ার দিন থেকে কারাগার থেকে মুক্তি পাওয়া পর্যন্ত তাঁর জীবনের মোট ৮৮৫ দিন কেটেছে বন্দিদশায়।কারাগার থেকে মুক্তি পেলেও মামলা থেকে মুক্তি মেলেনি। বছরের পর বছর আদালতে হাজিরা দিতে হয়েছে তাঁকে। মামলা দায়েরের পর থেকে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত দীর্ঘ ৩ হাজার ২৫২ দিন আইনি লড়াই চালাতে হয়েছে।
অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাঁকে সব অভিযোগ থেকে খালাস দেন। আদালতের এই রায়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটলেও জীবনের হারানো সময় ও ক্ষতির কোনো প্রতিকার পাননি তিনি।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে ইলিয়াস আহমেদের অভিযোগ যাচাই-বাছাই শেষে গ্রহণ করা হয়েছে। কমিশনের স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক নম্বর ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪।
ইলিয়াস আহমেদ জানান, জীবনের মাত্র ২০ বছর বয়সে গুম ও কারাবন্দি হওয়ার কারণে তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনের স্বপ্ন ভেঙে গেছে। গোপন বন্দিশালায় ৮৮ দিন অবস্থান, শারীরিক ও মানসিক নির্যাতন এবং পরবর্তী কারাবাসের অভিজ্ঞতা এখনো তাঁকে তাড়িয়ে বেড়ায়। দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে তাঁর পরিবারও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
আক্ষেপ করে ইলিয়াস বলেন, “আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন। গুম কমিশনও আমার অভিযোগ গ্রহণ করে তালিকাভুক্ত করেছে। কিন্তু আমার জীবনের হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সম্মান কে ফিরিয়ে দেবে? এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।”সরকারের কাছে ইলিয়াসের প্রত্যাশা
নিজের হারানো সম্মান ও স্বাভাবিক জীবন ফিরে পেতে সরকারের কাছে চারটি দাবি জানিয়েছেন ইলিয়াস আহমেদ।দাবিগুলোর মধ্যে রয়েছে—আদালতের খালাসের আদেশ ও গুম কমিশনের নথিভুক্তির ভিত্তিতে তাঁর নির্দোষিতার বিষয়টি সরকারি পর্যায়ে স্বীকৃতি দিয়ে সামাজিক সম্মান পুনঃপ্রতিষ্ঠা করা; তাঁকে গুম করা এবং মিথ্যা মামলায় জড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ বিচারের আওতায় আনা; ৮৮৫ দিনের বন্দিদশা ও দীর্ঘ নয় বছরের আইনি হয়রানির ক্ষতিপূরণ হিসেবে পর্যাপ্ত আর্থিক ও সামাজিক সহায়তা দেওয়া এবং তাঁর হারানো শিক্ষাজীবন ও কর্মজীবনের ক্ষতি পুষিয়ে নিতে সম্মানজনক কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কোনো নিরপরাধ ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের শিকার হয়ে জীবনের মূল্যবান সময় হারালে শুধু আদালতের খালাসের মধ্য দিয়ে তাঁর প্রতি ন্যায়বিচার সম্পূর্ণ হয় না। তাঁর হারানো সময়, আর্থিক ক্ষতি, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ পুনর্গঠনে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দীর্ঘ নয় বছরের দুর্ভোগ শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াস আহমেদের এখন একটাই প্রত্যাশা—রাষ্ট্র তাঁর হারানো জীবনের ক্ষতি বিবেচনা করে পাশে দাঁড়াবে এবং তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে।

শেরপুর জেলা প্রতিনিধি 


















